কলেজের সংক্ষিপ্ত ইতিহাস
উচ্চ মাধ্যমিক পর্যায়ে গুণগত ও মানসম্মত এবং চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী ও কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে সামঞ্জস্যপূর্ণ প্রয়োজনীয় শিক্ষা নিশ্চিত করার জন্য বরিশাল মহানগরীর প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠা করা হয় বরিশাল শহরের ৫ম সরকারি কলেজ, আলেকান্দা সরকারি কলেজ, বরিশাল। মূলত: সাচিবিক বিজ্ঞানে ছাত্র-ছাত্রীদেরকে পারদর্শী করে গড়ে তোলা এবং পরবর্তীতে কর্মসংস্থানের ব্যবসা করে স্বাবলম্বী হওয়ার সুযোগ দানের উদ্দেশ্যে ১৯৬৪ সালে সারাদেশে তৎকালীন সরকার ১৬টি এ ধরনের প্রতিষ্ঠান স্থাপন করেন। ১৯৮০ সাল পর্যন্ত এ প্রতিষ্ঠানগুলি পলিটেকনিক ইনষ্টিটিউটের সাথে একীভূত ছিল। পরবর্তীতে, ১৯৮১ সালে বরিশাল কমার্শিয়াল ইনস্টিটিউট এ রূপান্তর করা হয়। বরিশাল কমার্শিয়াল ইনস্টিটিউটকে যুগোপযোগীকরণের লক্ষ্যে ১২ মে ২০১৬ এক প্রজ্ঞাপন (স্মারক নং- ৩৭০০.০০০০.০৭০.০২.০৩৩.২০১৫৬৭৮) এর মাধ্যমে বর্তমান নামে রূপান্তরিত করে কলেজটিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন রেখে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ন্যস্ত করা হয়। প্রজ্ঞাপন জারির পরপরই এই কলেজে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত একঝাঁক চৌকস কর্মকর্তার পদায়ন দেওয়া হয় এবং শুরু থেকেই কলেজটি অত্যন্ত মানসম্মত শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটি যাত্রার অল্প সময়ের মধ্যে ব্যাপক সাফল্য অর্জন করে।


